আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ, জাতিসংঘ অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। ইউরোপের অন্যতম ধনী ও সেনজেনভুক্ত এ দেশটি চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে।

ফ্রান্স ও যুক্তরাজ্যের পাশাপাশি এই ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। বিষয়টি লুক্সেমবার্গের পার্লামেন্টারি কমিশনের কাছে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল।

ইসরায়েলি দৈনিক দ্য জেরুসালেম পোস্ট মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়ামসহ কয়েকটি ইউরোপীয় দেশ একই সময় স্বীকৃতির ঘোষণা দিতে পারে। সেসময়ই লুক্সেমবার্গ চূড়ান্ত অবস্থান নেবে।

এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন। একইসঙ্গে ইইউ–ইসরায়েল সহযোগিতা চুক্তির কিছু অংশ স্থগিত করার কথাও তিনি উল্লেখ করেন।

ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে উরসুলা বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি আন্তর্জাতিক বিবেককে নাড়া দিয়েছে। আর ইউরোপীয় কূটনীতিকদের মতে, সাম্প্রতিক ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের পদক্ষেপগুলো কার্যত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা নষ্ট করছে।

মতামত দিন