নেপালে সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে জেন জির আবারও বিক্ষোভ।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আবারও রাজপথে নেমেছে তরুণ প্রজন্ম, প্রধানত জেনারেশন জেডের সদস্যরা। তারা দেশজুড়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি জানাচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াটারের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজারো যুবক বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন সুদান গুরুং। বিক্ষোভকারীরা নতুন মন্ত্রিসভার গঠনে তাদের মতামত উপেক্ষা করার অভিযোগ করেছেন।
জেন জেড নেতা সুদান গুরুং বলেন, “আমাদের পরামর্শ না নেওয়া হলে এই সরকার গণতান্ত্রিক নয়। আমরা প্রয়োজনে রাস্তায় আবারও নামব এবং ক্ষমতাসীনদের সরিয়ে দেব।”
এই আন্দোলনের সময়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন মন্ত্রী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ হয়নি এবং এটি গণআন্দোলনের মর্মবিরোধী।
সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে, সোমবার সকালে তিনি তিনজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্র ও আইন, রমেশ্বর খনালকে অর্থ, কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ওম প্রকাশ আর্যাল দুর্নীতি দমন কমিশনে মামলা পরিচালনার মাধ্যমে পরিচিত। রমেশ্বর খনাল সাবেক অর্থসচিব হিসেবে দেশের অর্থনৈতিক সংস্কার প্রস্তাব পেশ করেছেন। কুলমান ঘিসিং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক এমডি হিসেবে পরিচিত।
সিনিয়র আইনজীবী সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার পর কার্কি মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, মোট ১১-১৫ জনের মন্ত্রিসভা গঠন হবে এবং একাধিক মন্ত্রণালয় একক ব্যক্তির অধীনে থাকতেও পারে।
এর আগে, ৮ সেপ্টেম্বর নেপালের তরুণ সমাজের বিক্ষোভে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে আন্দোলন দমন করার চেষ্টা করে। কিছু এলাকায় কারফিউও জারি করা হয়।
চাপে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সহিংসতায় অর্ধ শতাধিক লোকের মৃত্যু হয়।
পরিস্থিতি বিবেচনায়, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: সেতোপাতি

মতামত দিন