নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ প্রাণ গেল অন্তত ১৯ জনের।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নববধূকে নিয়ে যাচ্ছিল এমন একটি বাস নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেব্বি প্রদেশের জেগা শহরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি শনিবার সন্ধ্যায় জামফারার ফাস গ্রামের কাছে পৌঁছালে ধসে পড়া একটি সেতুর ওপর থেমে ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে গিয়ে নদীতে পড়ে যায়। এতে যাত্রীদের বেশিরভাগই ঘটনাস্থলেই প্রাণ হারান।
ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের কর্মকর্তা আবু বকর মুহাম্মদ জানান, বাসটিতে নববধূ ও তার আত্মীয়স্বজন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক সময়মতো ব্রেক চাপতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে আরও প্রাণহানি ঘটতে পারে।
এক গ্রামবাসী বলেন, “এটি শুধু ফাস গ্রামের সমস্যা নয়, বরডকি ও গওয়াল্লি এলাকার হাজারও মানুষ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে। আমরা চাই কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা নিক।”
প্রসঙ্গত, দুর্বল সড়ক অবকাঠামোর কারণে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সরকারি হিসেবে, শুধু গত বছরেই দেশটিতে ৯ হাজারের বেশি দুর্ঘটনা রেকর্ড হয়েছে, যাতে ৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।
মতামত দিন