রাশিয়ার লেনিনগ্রাদে দুটি ট্রেন লাইনচ্যুত, একজন নিহত।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের দুটি ট্রেন রোববার ভোরে লাইনচ্যুত হয়েছে। ঘটনায় একজন ট্রেনচালক নিহত হয়েছেন, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।
গ্যাচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে দক্ষিণাঞ্চলের একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১৫টি খালি ট্যাংকবাহী বগি ছিল।
ডিজেল লোকোমোটিভের চালক কেবিনে আটকা পড়েন। উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য মালবাহী ট্রেনে কোনো হতাহত হননি।
উল্লেখ্য, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চলীয় ওরিওল রেললাইনে বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে তিনজন নিহত হয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে এই দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় নাশকতার সম্ভাবনা দেখা দিয়েছে।
গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, ঘটনা তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। রাশিয়ার রেল নেটওয়ার্কে বারবার লাইনচ্যুতি, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে; কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করে আসছে, যদিও কিয়েভ সাধারণত এ দায় স্বীকার করে না।

মতামত দিন