ইসরায়েলি খেলোয়াড়দের নিষিদ্ধের দাবি স্পেনের ক্রীড়ামন্ত্রীর।
স্পেনে বর্তমানে অনুষ্ঠিত সাইকেল রেসে ইসরায়েলের প্রিমিয়ার টেক দলের অংশগ্রহণ ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। দেশটির সরকার গাজায় গণহত্যার অভিযোগে ইতোমধ্যে ইসরায়েলকে অভিযুক্ত করেছে।
রেডিও স্টেশন কাদেনা এসইআরে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেন, “এটির দ্বৈত মানদণ্ড আছে, যা ব্যাখ্যা করা এবং বোঝা কঠিন।” তার দাবি, গাজায় প্রতিদিন যে ধ্বংসযজ্ঞ চলছে, তাতে আন্তর্জাতিক ফেডারেশনগুলো ২০২২ সালে রাশিয়ার ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল, একই পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধেও নেওয়া উচিত।
তিনি উল্লেখ করেন, রাশিয়ার কোনো দল বা ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে যারা অংশ নিয়েছে, তাদের নিরপেক্ষ পতাকার অধীনে ও জাতীয় সংগীত ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল-প্রিমিয়ার টেক কোনো রাষ্ট্রীয় দল নয়, বরং ইসরায়েলি-কানাডিয়ান কোটিপতি সিলভান অ্যাডামসের মালিকানাধীন একটি বেসরকারি ক্লাব। ব্যাপক প্রতিবাদের মুখে ভুয়েল্তা ছেড়ে না যাওয়ায় দলটিকে প্রশংসায় ভাসান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আলেগ্রিয়া চান আয়োজকরা ইসরায়েল-প্রিমিয়ার টেককে প্রতিযোগিতা থেকে বিরত রাখুক। তবে তিনি এটিও স্বীকার করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সাইক্লিংয়ের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইউসিআইয়ের।

মতামত দিন