আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির উপদেষ্টা কিরণ পোখারেল জানান, প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব অর্পণ করবেন। কেপি শর্মা অলির পদত্যাগ এবং তরুণ প্রজন্মের আন্দোলনের প্রেক্ষাপটে এই পরিবর্তন আসছে।

প্রথমবারের মতো দেশটির সর্বোচ্চ নির্বাহী পদে কোনো নারী বসতে যাচ্ছেন—এটিই ইতিহাস গড়তে চলেছেন কার্কি। জানা গেছে, তার মন্ত্রিসভা হবে সীমিত আকারের এবং শপথের পরপরই প্রথম বৈঠক আহ্বান করা হতে পারে। সেই বৈঠকেই কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন তিনি। বিচারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল কঠোর; আর সেখান থেকেই তরুণ প্রজন্মের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন সুশীলা কার্কি।

মতামত দিন