আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দুবাই এয়ারশো থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করল আমিরাত।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তে আসন্ন ‘দুবাই এয়ারশো’-তে অংশ নিতে পারছে না ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আর বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর খবরটি প্রকাশ করে।

ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়, নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কারণেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও কাতারে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ সেখানে উল্লেখ করা হয়নি, তবে একাধিক সূত্র জানিয়েছে—এই হামলার প্রতিবাদ হিসেবেই আমিরাত এমন পদক্ষেপ নিয়েছে।

প্রতিবারের মতো এবারও ইসরায়েলি কোম্পানিগুলো শোতে অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। নভেম্বরে অনুষ্ঠেয় এ এয়ারশোতে বিশ্বের ৯৮টি দেশ থেকে এক হাজার ৪০০’র বেশি প্রতিষ্ঠান যোগ দেবে এবং প্রায় ২০০ উড়োজাহাজ প্রদর্শিত হবে।

এদিকে নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে এবং তারা আশা করছেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হবে।

মতামত দিন