নেপালে তুলে নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা।
নেপালের ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রভাবে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ছাত্র আন্দোলনের চাপের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক পদত্যাগ করেন। তিনি সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দেন।
একজন মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, বিক্ষোভে ১৯ জনের মৃত্যু এবং চার শতাধিক আহত হওয়ার কারণে নৈতিক দায়িত্ববোধ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ ছাড়েন।
নেপালে ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক প্ল্যাটফর্ম বন্ধ ছিল।
সরকার জানায়, কিছু প্ল্যাটফর্মে ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যা আন্দোলনকারীরা ‘জেন-জি রেভলিউশন’ নামে অভিহিত করেছেন।
গত বুধবার পর্যন্ত প্ল্যাটফর্মগুলো নিবন্ধনের জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবার টেলিকমিউনিকেশনস অথরিটি (এনটিএ) অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া বন্ধের নির্দেশ দেয়। আন্দোলনকারীরা দাবি করেছেন, এর ফলে জনগণের সরাসরি কণ্ঠরোধ করা হচ্ছে।
মতামত দিন