আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক হারাবে ইসরায়েল:সৌদি যুবরাজ।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেছেন, পশ্চিম তীরকে নিজের মানচিত্রে যুক্ত করলে ইসরায়েল আর আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে আনতে পারবে না। এই মন্তব্যের আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল।

কান নিউজের প্রতিবেদনে জানা গেছে, সৌদি যুবরাজ এই মন্তব্য করেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের সময়। মূলত পশ্চিম তীরের ইসরায়েলি দখল নিয়ে আবুধাবির  কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়াদ।

ইসরায়েল ২৩ জুলাই পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন, গুটিকয়েক এলাকা বাদে পশ্চিম তীরের প্রায় সব অঞ্চলকে ইসরায়েলের  সার্বভৌমত্বের অংশ বানানো হবে। এর ফলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে বন্ধ করার লক্ষ্য রয়েছে।

পশ্চিম তীর ১৯৬৭ সালে দখল করা হয়। ৯০-এর দশকে অসলো অ্যাকর্ড অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তর করার পরিকল্পনা থাকলেও তা কার্যকর হয়নি। গত ত্রিশ বছর ধরে অঞ্চলটি তিনভাগে বিভক্ত অবস্থায় রয়েছে।

মতামত দিন