আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৪।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ১২৪ জনে পৌঁছেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসানউল্লাহ এহসান জানিয়েছেন, ভূমিকম্পের পর সোমবার উদ্ধারকর্মীরা কুনারের চার গ্রামে উদ্ধার অভিযান চালিয়েছে। আরও দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আমরা এখনও নিশ্চিত নই কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত উদ্ধার অভিযান শেষ করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা প্রদান করার।”
রোববার গভীর রাতে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে পূর্বাঞ্চলীয় কুনার ও নানগাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা পাহাড়ে আরোহণ করছেন।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার কুনার গ্রামে পৌঁছানোর জন্য পাহাড়ি রাস্তায় অ্যাম্বুলেন্স চালকরা দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় সহায়তা দেওয়া হচ্ছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
মতামত দিন