মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত।
মালয়েশিয়ার পাহাং রাজ্যে কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তাদের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম তেলের বাগানে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি আয়ের জন্য তুহিন ও শামিমসহ কয়েকজন প্রবাসী ওভারটাইমে কাজ শেষে ঘরে ফেরার পথে ছিলেন। পথে একটি মোটরসাইকেলকে বাঁচানোর চেষ্টা করার সময় তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এতে তিনজন লাফ দিতে সক্ষম হলেও তুহিন ও শামিম পাহাড় থেকে পড়ে প্রাণ হারান।
গোমস্তাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দীন কালবেলাকে জানান, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এই দুই প্রবাসীর মৃত্যু ঘটেছে। নিহতদের পরিবার হাইকমিশনের মাধ্যমে মরদেহ দেশে আনার প্রস্তুতি নিচ্ছে।
তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, তার ভাগ্নে প্রায় আড়াই বছর আগে মালয়েশিয়ায় চাকরি করতে গিয়েছিল। দুর্ঘটনার সময় পিকআপ থেকে কিছু সহকর্মী লাফ দিতে পারলেও তুহিন ও শামিম রক্ষা পায়নি।
চেয়ারম্যান জামাল উদ্দীন আরও বলেন, পরিবার তাদের শেষবারের মতো চোখের সামনে দেখতে চায়। এজন্য বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছেন।

মতামত দিন