আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প, নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানার পর ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এ ঘটনায় অন্তত আড়াই হাজার মানুষ আহত হয়েছেন।
আফগান সরকারের মুখপাত্র মৌলভী জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা মাত্র ৮ কিলোমিটার। এরপর অন্তত আরও দুটি আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে ছিল।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন আফগানিস্তানের জাতীয় পরিচালক থামিন্দ্রি দে সিলভা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা অনেকাংশে দুর্গম। মাজার ভ্যালি ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি জানান, একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, এই অঞ্চল আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র ও অবকাঠামোহীন এলাকা। সড়ক যোগাযোগ সীমিত, কোনো স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল নেই। স্থানীয় বাড়িঘর প্রাথমিকভাবে কাদা ও অল্প উপকরণ দিয়ে তৈরি হওয়ায় সহজেই ধসে যায়।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারায় ভূমিধসের কারণে সড়ক বন্ধ থাকায় উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় পৌঁছাতে সমস্যায় পড়েছেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারা এটিকে দেশটিতে আঘাত হানা অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন।

মতামত দিন