ট্রাম্পের ভারত সফর বাতিল, কোয়াড সম্মেলনে থাকছেন না তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরে যাবেন বলে যে পরিকল্পনা করেছিলেন, সেটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। কোয়াড সম্মেলনে অংশ নেওয়ার জন্যই মূলত সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য ইস্যুতে সাম্প্রতিক টানাপোড়েন এবং পাকিস্তানকে ঘিরে ট্রাম্পের মন্তব্য মোদির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তার ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি দিল্লি প্রত্যাখ্যান করে। ট্রাম্পের এই বক্তব্য নোবেল পুরস্কারের প্রসঙ্গেও গড়ায়, যা মোদি গুরুত্ব না দেওয়ায় দুই নেতার সম্পর্কে অস্বস্তি বাড়ে।
চলতি বছরের শেষ দিকে ভারতে কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। তখনই ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দেন, তিনি সম্মেলনে যোগ দিতে আসবেন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র বা ভারতের কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত জুনে কানাডায় জি-৭ সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগে ফিরে যান। পরে টেলিফোনে দুই নেতার মধ্যে ৩৫ মিনিট কথা হয়, যেখানে ট্রাম্প আবারও যুদ্ধবিরতিতে নিজের ভূমিকার কথা বলেন। এর জেরেই দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে। বিশ্লেষকদের মতে, শুধু রাশিয়া থেকে তেল আমদানি নয়, অতিরিক্ত শুল্ক আরোপসহ নানা কারণে সম্পর্কের টানাপোড়েন বাড়ে। সব মিলিয়ে ট্রাম্পের ভারত সফর বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন