ইন্দোনেশিয়ায় বেতনভাতা ইস্যুতে সহিংস বিক্ষোভ, প্রেসিডেন্টের চীন সফর বাতিল।
প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে তিনি আর বুধবার চীনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পারছেন না।
বিক্ষোভের সহিংসতায় ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরেবোনে স্থানীয় পার্লামেন্ট ভবন ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বালিতেও শনিবার উত্তেজনাপূর্ণ বিক্ষোভ হয়েছে।
এদিকে সরকার দাবি করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে আন্দোলনকে আরও উসকে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।
বিক্ষোভের মধ্যে নাসদেম দলের এমপি আহমেদ সারোনির মন্তব্য পরিস্থিতি আরও ঘনীভূত করেছে। তিনি সমালোচকদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ আখ্যা দিলে জনরোষ চরমে ওঠে এবং পরে তার বাসভবনে লুটপাট চালানো হয়।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট প্রাবোওর সরকারের এক বছরের শাসনকালীন সময়ে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মতামত দিন