ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীর ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবে পড়ে যায় এবং ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি।
ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) রাতে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে। হিব্রু গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবের অংশে পড়েছে। ধেয়ে আসার সময় কোনো সতর্কতা জারি হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি।
এই হামলার প্রেক্ষাপটে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ হুথি কর্মকর্তা নিহত হন। সেই প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়িকে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় তিনি নিহত হন। আহমেদ ইরান-সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল ও আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হন। পরে তার কয়েকজন সঙ্গীরও মৃত্যু হয়।
এছাড়া বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলাও চালানো হয়। ১০ জন হুথি মন্ত্রীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো ছিলেন। সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়।
মতামত দিন