মালয়েশিয়ায় স্বাধীনতার রঙে উৎসবমুখর প্রস্তুতি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশ মালয়েশিয়া ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে। কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই মালাই জাতি তখন নিজস্ব ভূখণ্ড নিয়ে নতুনভাবে বিশ্বের মানচিত্রে স্থান পায়।
আগামী রোববার (৩১ আগস্ট) দেশটি উদযাপন করবে মহান স্বাধীনতা দিবস। ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত চলছে নানা প্রস্তুতি। শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার শোভাযাত্রা, আলোকসজ্জা ও ডিজিটাল ডিসপ্লেতে ভরে উঠেছে চারপাশ।
এবারের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন। মাসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করা হয়।
সরকারি স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘মালয়েশিয়া মাদানি, রাকায়াত দিসানতুনি’। মাদানি নীতির ভিত্তিতে এ শ্লোগান জনগণের কল্যাণ, সামাজিক ন্যায্যতা ও উন্নয়নে অংশগ্রহণের প্রতিশ্রুতি বহন করছে। বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে জাতীয় উন্নয়নের সুফল সবাই ভোগ করুক—এমন বার্তাই এতে প্রতিফলিত।
জাতীয়ভাবে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়। সেখানে অন্তত এক লাখ মানুষের সমাগমের কথা মাথায় রেখে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা এবং সড়ক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে সেনা ও বিমানবাহিনীর সদস্যরা মহড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কুচকাওয়াজের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশটির নানা সংস্কৃতি তুলে ধরতে চলছে নানামুখী সাংস্কৃতিক প্রশিক্ষণ।
মতামত দিন