আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রুশ তেল আমদানি বাড়াচ্ছে ভারত, ট্রাম্পের পাল্টা শুল্কে বাণিজ্য উত্তেজনা।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত, যদিও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার  মুখে পড়েছে নয়াদিল্লি। আগামী সেপ্টেম্বরেই দেশটির তেল শোধনাগারগুলো রুশ তেল আমদানি ১০–২০ শতাংশ বাড়াতে পারে বলে জানা গেছে।

এতে দৈনিক অতিরিক্ত দেড় থেকে তিন লাখ ব্যারেল অপরিশোধিত তেল আসবে ভারতে। বর্তমানে ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশই মেটানো হয় রাশিয়া থেকে। চীন ও তুরস্কের পর ভারত এখন রুশ জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা।

মার্কিন প্রশাসনের অভিযোগ, সস্তা রুশ তেল কিনে ভারত অতিরিক্ত মুনাফা করছে। এর জবাবে ভারত বলছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিজেরাও রাশিয়ার বাজার থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে, অথচ নয়াদিল্লিকে দ্বিমুখী নীতি দেখিয়ে দোষারোপ করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক বসিয়েছে।২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এর আগে উভয় দেশের মধ্যে বাণিজ্য ইস্যুতে টানাপোড়েন চলছিল।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনার মাধ্যমে এই শুল্ক সমস্যার সমাধান করতে চায়।  তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও কূটনৈতিক সফর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে মস্কোর তেল রপ্তানি কমে গেলে ভারত সুযোগ নিয়ে সস্তায় অপরিশোধিত জ্বালানি  কিনতে থাকে এবং দ্রুতই রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়।

মতামত দিন