যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি বাড়ালো প্রায় ১৩৫ শতাংশ।
আগামী ১ অক্টোবর নতুন অর্থবছর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা বি১/বি২-এর ফি ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৪৩৫ ডলার করা হচ্ছে। আগে যেখানে ফি ছিল ১৮৫ ডলার, সেখানে নতুন সিদ্ধান্তে আরও ২৫০ ডলার যোগ হওয়ায় বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়াচ্ছে প্রায় ৫৩ হাজার টাকা—যা আগের চেয়ে ১৩৫ শতাংশ বেশি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই ফি কার্যকর হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ পর্যটন ভিসা ফি। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী ১ অক্টোবর থেকেই কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে হয়তো ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে। ফি ফেরতযোগ্য হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে ফেরতের প্রক্রিয়া বা নির্দিষ্ট সময়সীমা স্পষ্ট নয়।
তবে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) কর্মসূচিভুক্ত দেশের নাগরিকরা এর বাইরে থাকবেন, কারণ তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আলাদা ভিসার প্রয়োজন হয় না।
ইউএসএ টুডে জানিয়েছে, এখন যদি পাঁচ সদস্যের একটি পরিবার যুক্তরাষ্ট্র ভ্রমণে যায়, তবে শুধু ভিসা ফি বাবদই খরচ পড়বে প্রায় ২ হাজার ডলার (বাংলাদেশি টাকায় আড়াই লাখ)। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে কার্যত পর্যটন ভিসা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।
এই সিদ্ধান্তের প্রভাব শুধু অবকাশ যাপনকারীদের ওপরই পড়বে না, বরং ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও তা প্রভাব ফেলতে পারে। এত বেশি ফি দর্শক ও ক্রীড়াবিদ উভয়ের ওপর আর্থিক চাপ সৃষ্টি করবে, বিশেষ করে স্বল্প আয়ের দেশের সাধারণ মানুষ ও অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ বা প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও কঠিন হয়ে পড়তে পারে।

মতামত দিন