আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় সময়সীমা বেঁধে দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশি শিক্ষার্থী, সংস্কৃতি বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত প্রস্তাবিত সরকারি বিধিমালায় এ উদ্যোগের কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিধিমালায় বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন দমনে ব্যাপক অভিযান শুরু করেন। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও সাংবাদিকদের জন্য প্রয়োজনে দেশটিতে বাড়তি সময় থাকা কঠিন হয়ে পড়বে।

বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা এফ ভিসা, সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জে ভিসা এবং গণমাধ্যম কর্মীরা আই ভিসা পান। এগুলো সাধারণত কর্মসূচির সময়কাল বা চাকরির মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর, সাংবাদিকদের ভিসা সর্বোচ্চ ২৪০ দিন এবং বিশেষভাবে চীনা নাগরিকদের ক্ষেত্রে তা ৯০ দিন নির্ধারণ করা হবে। তবে মেয়াদ শেষ হওয়ার পর ভিসাধারীরা আবেদন করে তা বাড়াতে পারবেন।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুসারে, ২০২৪ সালে প্রায় ১৬ লাখ বিদেশি শিক্ষার্থী এফ ভিসায় পড়াশোনা করেছেন। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে প্রায় ৩ লাখ ৫৫ হাজার জন সংস্কৃতি বিনিময় কর্মসূচির  আওতায় এবং ১৩ হাজার জন আই ভিসায় সাংবাদিক হিসেবে কাজের অনুমতি পেয়েছেন।

ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্য এই পরিবর্তন প্রয়োজন।

মতামত দিন