আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চীনের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিম জং উন ও পুতিনসহ আরও ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের রাজধানী বেইজিংয়ে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এক বিশাল সামরিক কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বিবিসি জানিয়েছে, চীন-জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে ‘বিজয় দিবস’ কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে। এতে ২৬টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন, যার মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই অনুষ্ঠানে চীনা সেনাবাহিনীর নতুন কাঠামো প্রথমবারের মতো প্রদর্শিত হবে। শত শত বিমান, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক নিয়ে হাজার হাজার সেনা ও সাবেক যোদ্ধা তিয়ানআনমেন স্কয়ারে মার্চ করবেন। বিশ্লেষকরা বলছেন, এই ৭০ মিনিটের অনুষ্ঠান বিশ্ব শক্তিগুলোর নজর কাড়বে।

সি জিনপিংয়ের পাশে কিম জং উন ও পুতিনের উপস্থিতি চীনের কূটনৈতিক জয়ের একটি বড় চিহ্ন হিসেবে ধরা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রও সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন, তিনি আবার কিমের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গেও আলোচনা হচ্ছে। অক্টোবরের শেষের দিকে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন।

কিম ছয় বছর পর বেইজিং সফর করছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীনে গিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে এক বছরের মধ্যে তিনবার চীন সফর করেছিলেন, যা তার স্বাভাবিক বিদেশ সফরের তুলনায় ব্যতিক্রম।

অন্যদিকে, জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলোকে অনুরোধ জানিয়েছে, যেন তারা এই কুচকাওয়াজে অংশগ্রহণ না করে। ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে আশা করা হচ্ছে।

মতামত দিন