গাজাবাসীর জন্য আজ বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম রোজা রাখছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও সেখানকার দুর্ভোগ মোকাবিলায় সংহতির প্রতীক হিসেবে বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোজা রাখছেন। রোজা রাখার এই সিদ্ধান্ত এসেছে তুরস্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলন থেকে।
তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক জানায়, গত শুক্রবার (২২ আগস্ট) ইস্তাম্বুলে শুরু হওয়া মুসলিম বিশ্বের আলেম ও পণ্ডিতদের এ সম্মেলনে তারা একসঙ্গে রোজা রাখার ঘোষণা দেন।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি জানান, ৫০ দেশের প্রতিনিধিত্বকারী ১৫০ আলেম একসঙ্গে রোজা রেখে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করবেন। তার ভাষায়, ইচ্ছাকৃতভাবে দখলদাররা গাজার মানুষকে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট দিচ্ছে, আর সেই কষ্ট ভাগ করে নিতেই এ সিদ্ধান্ত। পাশাপাশি, রোজা রাখার সুন্নতকে পুনর্জীবিত করার দিকটিও গুরুত্ব পেয়েছে।
সম্মেলনে আলোচনার মূল কেন্দ্র ছিল গাজার বর্তমান সংকট। অংশগ্রহণকারীরা অবিলম্বে সেখানে পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।
তারা আরও দাবি করেন, জরুরি ভিত্তিতে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে মানবিক করিডোর চালু করতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতায় বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়।
সম্মেলনটি চলবে শুক্রবার (২৯ আগস্ট) পর্যন্ত।
মতামত দিন