আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় দুর্ভিক্ষ ও হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজা এখন এক ভয়াবহ মানবিক সংকটে জর্জরিত। অনাহারে বিপর্যস্ত মানুষ যখন সামান্য খাবারের জন্য ছুটছে, তখন ইসরায়েলি বাহিনী নতুন এলাকাগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
  গত একদিনে এ অভিযানে অন্তত ৬৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আলজাজিরার রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার একটি ত্রাণ কেন্দ্রও হামলার শিকার হয়েছে। ত্রাণ নিতে গিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ১৩ জন। অনাহার এবং অপুষ্টির কারণে আরও তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) গাজা নগরীর পূর্বাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের আল-আহলি আরব হাসপাতালে  আনা হলে, হাসপাতালের প্রাথমিক সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় গুরুতর আহতদের কেবল সামান্য  চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) গাজার নাসের হাসপাতালে বিমান হামলা চালানো হয়। দুই দফায় এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলার পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে গেলে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। হামলার সময় রয়টার্সের সাংবাদিক হুসাম আল মাসরির সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

রয়টার্স তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীর শোকাহত। আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের গুরুতর আহত হওয়ার ঘটনায় আমরা হতবাক। গাজা ও ইসরায়েলি কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”

মতামত দিন