আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলা, সিরিয়ার ৬ সেনা কর্মকর্তা নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি টেলিভিশন ‘আল আকবরিয়া’, যেটি পরে আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল উদ্ধৃত করেছে।


প্রতিবেদনে বলা হয়, রাজধানীর উপকণ্ঠে আল-কিশওয়াহ এলাকার কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাত হানলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয় সেনার মৃতদেহ  উদ্ধার করা হয়।

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ভেতরে নিয়মিত  হামলা চালিয়ে আসছে ইসরায়েল। প্রথমদিকে আসাদ সরকারের ফেলে যাওয়া সামরিক ঘাঁটি ও ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য। পরে ধীরে ধীরে কৌশলগত স্থাপনা থেকে শুরু করে বেসামরিক এলাকাও টার্গেটে পরিণত হয়।

আন্তর্জাতিক চাপের কারণে কিছু সময়ের জন্য অভিযান শিথিল করলেও সম্প্রতি নতুন করে দামেস্কের আশপাশে সক্রিয় হয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া তীব্র ক্ষোভ জানিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

আসাদ সরকারের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ায় নয়টি স্থানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। বেশিরভাগ অবস্থান জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনের ভেতরে সীমান্ত এলাকায়।

অন্যদিকে, মার্কিন সেনাদের বড় একটি বহরও ইরাক থেকে সম্প্রতি সিরিয়ায় প্রবেশ করেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার সকালে প্রায় ৮০ ট্রাকের এক কনভয় আল-শাদ্দাদি ঘাঁটিতে গিয়ে অবস্থান নেয়। বহরে ছিল লজিস্টিক সামগ্রী, তেল, সাঁজোয়া যান, অস্ত্র ও সেনা। এর একদিন আগে আরও একটি বহর হাসাকা প্রদেশের খরাব আল-জির ও কাসরাক ঘাঁটিতে মোতায়েন হয়েছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক অন্তর্ভুক্ত ছিল।

মতামত দিন