বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় ধরা, চাকরি হারালেন ব্রিটিশ এয়ারওয়েজের বিমানবালা।
শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্ট জানায়, ৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই কেবিন ক্রু ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী একটি বিমানে কর্মরত ছিলেন। মাঝ আকাশে তাকে টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পাওয়া যায়। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন, ঘামতে থাকেন এবং সহকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করেন।
পরবর্তী পরীক্ষায় তার শরীরে মেথামফেটামিন ও অ্যামফিটামিনের উপস্থিতি নিশ্চিত হয়। ঘটনাটির পর তাকে বরখাস্ত করা হয় এবং আদালতে মাদকাসক্ত অবস্থায় দায়িত্ব পালনের অভিযোগ আনা হয়।
কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট শুরুর আগে নিরাপত্তা পরীক্ষায় ডাকলেও পেন্টেকস্ট সহযোগিতা করেননি। বরং পেটব্যথার অজুহাত দেখিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যান। পরে একজন সহকর্মী বিমানের টয়লেটে তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় খুঁজে পান।
বিমানটি লন্ডনের হিথ্রো পৌঁছানো পর্যন্ত তার শারীরিক অবস্থার উপর নিয়মিত নজরদারি চালানো হয়। পৌঁছার পর জরুরি চিকিৎসাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
শুনানিতে উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালত তাকে দোষী সাব্যস্ত করে জামিন মঞ্জুর করেছে। এখন তাকে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে হাজির করা হবে, যেখানে শাস্তির রায় ঘোষণা করা হতে পারে।
বিবিসি এ ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজের মন্তব্য জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন