আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মার্কিন অভিবাসন নীতি কঠোর হওয়ায় দ্বৈত নাগরিকত্বের দিকে ঝুঁকছেন নাগরিকরা।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। অবৈধ অভিবাসীদের ওপর নজরদারি বৃদ্ধি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা এবং শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত নতুন পদক্ষেপের কারণে বহু মানুষ নিজেদের অনিরাপদ বোধ করছেন।

এর প্রভাব পড়েছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মেক্সিকান অভিবাসীদের ওপর। অনেকেই এখন মার্কিন নাগরিকত্ব ছেড়ে মেক্সিকোর নাগরিকত্ব নেওয়ার দিকে আগ্রহী হচ্ছেন।

মেক্সিকো সরকারের উদ্যোগে সম্প্রতি ‘আই অ্যাম মেক্সিকো’ শিরোনামে একটি বড় কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় মেক্সিকান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া মার্কিন নাগরিকরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। কর্মসূচির মাধ্যমে নাগরিকরা মেক্সিকোর শিক্ষা, স্বাস্থ্যসেবা, কাজের সুযোগ এবং ভ্রমণের সুবিধা পাবেন। এছাড়া আইনি ও সামাজিক অধিকারও আরও শক্তিশালী হবে।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দা এসমেরালদা বায়েজ জানিয়েছেন, “আমার বোন ইতোমধ্যেই দ্বৈত নাগরিকত্ব নিয়েছে। আমি চাই মেক্সিকোতে নতুন জীবন শুরু করতে। আমেরিকায় থাকাই এখন নিরাপদ মনে হয় না।”

মেক্সিকো কর্তৃপক্ষ জানাচ্ছে, ইতোমধ্যেই প্রায় ৩ হাজার মার্কিনি এই কর্মসূচিতে আবেদন করেছেন। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ICE-এর কড়াকড়ি অভিবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। ফলে অনেকেই নিজের শেকড়ে ফিরে যাওয়ার জন্য মেক্সিকোর নাগরিকত্ব নিতে আগ্রহী। আগামী কয়েক মাসে আরও হাজার হাজার মার্কিনি এই সুযোগ গ্রহণ করতে পারেন।

মতামত দিন