আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু, নতুন হামলায় সৌদি আরবের নিন্দা।

নিজেস্ব প্রতিবেদক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্যসংকট এখন দুর্ভিক্ষে রূপ নিয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ–সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি। একই সময়ে অঞ্চলটিতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।

পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব। খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি

শুক্রবার (২২ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় ইচ্ছাকৃতভাবে খাদ্যপ্রবাহ বাধাগ্রস্ত করার ফলে দুর্ভিক্ষ শুরু হওয়া এবং তার মধ্যে নতুন করে ইসরায়েলি হামলার ঘটনায় রিয়াদ  গভীর উদ্বেগ প্রকাশ করছে। সৌদি আরব বলেছে, বেসামরিক মানুষের বিরুদ্ধে দখলদার বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞ স্পষ্টতই যুদ্ধাপরাধের শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার মানবিক বিপর্যয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফল। বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দায়িত্বহীনতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। রিয়াদের মতে, অবিলম্বে ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ ও গণহত্যা ঠেকাতে বিশ্ব মহলও দায়ী থাকবে।

আইপিসি’র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় অংশ তথা গাজা শহর ও তার আশপাশের এলাকায় খাদ্যাভাব এখন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তাদের সূচকে এটি পঞ্চম ধাপ, যার অর্থ বহু মানুষ একেবারেই খাদ্য পাচ্ছেন না এবং অনাহারে দিন কাটাচ্ছেন।

এ ছাড়া দেইর আল-বালাহ ও খান ইউনিস শহরেও দ্রুত খাদ্য পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। আইপিসি অনুমান করছে, সেপ্টেম্বরের শেষে ওই এলাকাগুলোতেও দুর্ভিক্ষ শুরু হতে পারে। সে ক্ষেত্রে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি অনাহারের কবলে পড়বে।

মতামত দিন