চীনে রেলসেতু নির্মাণকালে দড়ি ছিঁড়ে দুর্ঘটনা, সাতজনের মৃত্যু।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে নির্মাণাধীন একটি রেলসেতুর দড়ি ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন, আর নয়জন এখনো নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
এএফপি জানায়, স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইয়েলো নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে ১৫ জন শ্রমিক এবং একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন। দুর্ঘটনার পর কয়েকজনকে উদ্ধার করা হলেও অনেকে নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি জানায়, সিচুয়ান-কিংহাই রেলওয়ের অংশ হিসেবে নির্মিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে বড় স্প্যানবিশিষ্ট ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু। এটি ইয়েলো নদীর ওপর নির্মিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ এবং দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসেবে ধরা হচ্ছে।
পিপলস ডেইলি-তে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেতুর মাঝামাঝি অংশ এখনও অপূর্ণ অবস্থায় রয়েছে, সেখানে দু’টি ভারা টাওয়ার ও একাধিক ক্রেন বসানো আছে। এদিকে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে রেলপথ নির্মাণকালে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হয়েছিলেন। তবে সেই ঘটনায় কেউ জীবিত উদ্ধার হননি।

মতামত দিন