চীনা সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি উত্তর পিয়ংআন প্রদেশে চীনের সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে ৬ থেকে ৯টি পারমাণবিক-সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং সেগুলোর লঞ্চার রাখা আছে। এগুলো পূর্ব এশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা একটি বড় পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠকের পর থেকে পিয়ংইয়ং পারমাণবিক কর্মসূচি আরও গতি দিয়েছে। সম্প্রতি কিম জং-উন পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিনপুং-ডং হচ্ছে উত্তর কোরিয়ার ১৫ থেকে ২০টি অঘোষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটির একটি। এসব স্থাপনাগুলোর মধ্যে মিসাইল সংরক্ষণাগার, ওয়ারহেড ভান্ডার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র অন্তর্ভুক্ত, যা কখনোই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণ আলোচনার মধ্যে আসেনি।
বিশ্লেষকদের মতে, সংকটময় পরিস্থিতিতে এসব ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দ্রুত বের করে বিশেষ ইউনিটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গোপন উৎক্ষেপণ চালানো সম্ভব। এই অঘোষিত ঘাঁটিগুলোই উত্তর কোরিয়ার দীর্ঘমেয়াদি ক্ষেপণাস্ত্র কৌশল ও কৌশলগত পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ভিত্তি গড়ে তুলছে।

মতামত দিন