আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি তেল ব্যবসায়ী ও চার কোম্পানির ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রিটেন ইরানের একজন তেল ব্যবসায়ী এবং চারটি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঘোষিত এ পদক্ষেপের খবর দিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এমন এক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা বিদেশে তেহরানের কার্যক্রমকে সহায়তা করে। ইউক্রেন ও ইসরায়েলে অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে ইরানি কর্মকর্তা মোহাম্মদ হোসেইন শামখানির সম্পদ জব্দ করা হয়েছে এবং তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সঙ্গে জাহাজ, পেট্রোকেমিক্যাল ও আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে।

বিষয়টি নিয়ে ব্রিটেনের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার জানান, তেহরান বাণিজ্যিক নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আয়ের ওপর নির্ভরশীল। এই অর্থ ইরান অস্থিতিশীল কার্যকলাপ, মধ্যপ্রাচ্যজুড়ে প্রক্সি ও সহযোগীদের সমর্থন এবং যুক্তরাজ্যের ভেতরে রাষ্ট্রীয় হুমকি জোরদার করার মতো কাজে ব্যবহার করে।

অন্যদিকে, লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস ব্রিটেনের এই পদক্ষেপকে “একতরফা ও অবৈধ” বলে আখ্যায়িত করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলে। মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রও শামখানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ওয়াশিংটনের দাবি, তিনি একটি মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বজুড়ে ইরানি ও রুশ তেল এবং বিভিন্ন পণ্য বাণিজ্য করেন এবং কন্টেইনার জাহাজ ও ট্যাঙ্কারের বিশাল বহর পরিচালনা করেন।

এছাড়া, বৃহস্পতিবার ব্রিটেন কর্তৃক তালিকাভুক্ত কয়েকটি কোম্পানিকে শামখানির হয়ে কিংবা তার নির্দেশে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এর আগে জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নও তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।

মতামত দিন