আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া উপকূলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভার্জিনিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এফ/এ-১৮ই সুপার হর্নেট মডেলের বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে।

সিবিএস নিউজ  এ তথ্য জানিয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে তোলেন এবং প্রাথমিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লেফটেন্যান্ট জ্যাকি পরাশর এক বিবৃতিতে জানান, সকাল ১০টার কিছু আগে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩-এর পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার থেকে নৌবাহিনীর উদ্ধারদলকে জানানো হয় এবং এক ঘণ্টার মধ্যেই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে বিধ্বস্ত বিমানটি এখনো সমুদ্র থেকে তোলা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩ ভার্জিনিয়া বিচের নেভাল এয়ার স্টেশন ওশেনা থেকে পরিচালিত হয়। উল্লেখযোগ্যভাবে, গত ১০ মাসে এ নিয়ে মার্কিন নৌবাহিনীর ছয়টি এফ-১৮ মডেলের যুদ্ধবিমান হারালো।

এদিকে, মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতেও আরেকটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে রানওয়েতে উড্ডয়নের সময় এফ/এ-১৮ডি হর্নেট মডেলের একটি বিমান আগুন ধরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দর, যা বেসামরিক ও সামরিক উভয় কার্যক্রমে  ব্যবহৃত হয়।

মতামত দিন