পর্যটক আকর্ষণে বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার ঘোষণা থাইল্যান্ডের।
বিদেশি পর্যটক টানতে বিশেষ পরিকল্পনা নিয়েছে থাইল্যান্ড সরকার। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের জন্য দেশটিতে প্রবেশ করা দুই লাখ ভ্রমণকারীকে ফ্রি অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়া হবে।
পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির আওতায় সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন বাত, যা ২০ মিলিয়ন ডলারেরও বেশি। আশা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে অন্তত ৮.৮ বিলিয়ন বাত রাজস্ব আসবে। তবে পরিকল্পনাটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী সরাওং থিয়েনথং জানিয়েছেন, কর্মসূচির নাম রাখা হয়েছে “বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস”। তার ভাষায়, শুধু ব্যাংকক বা পরিচিত গন্তব্য নয়, বরং দেশের কম জনপ্রিয় এলাকাগুলোকেও বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে চায় সরকার।
কর্মসূচির আওতায় আন্তর্জাতিক রিটার্ন টিকিটধারীরা থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইন্স—থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট—এর যেকোনোটি ব্যবহার করতে পারবেন। প্রতিটি যাত্রীর জন্য থাকবে ২০ কেজি পর্যন্ত বিনামূল্যে লাগেজ বহনের সুবিধা।
বুকিংয়ের ক্ষেত্রে সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট কিংবা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমেই পাওয়া যাবে এই সুযোগ। তবে এটি সীমিত সময়ের একটি অফার এবং মূলত যেসব ভ্রমণকারী এখনো টিকিট কিনেননি, তারাই বেশি সুবিধা পাবেন।
প্রত্যেক অভ্যন্তরীণ টিকিটে সর্বোচ্চ ১,৭৫০ বাত এবং রিটার্ন টিকিটে ৩,৫০০ বাত পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। চিয়াং মাই চেম্বার অব কমার্সের সহ-সভাপতি পুনলপ সাইজেউ মনে করেন, পর্যটক টানার জন্য পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হলেও অফ-সিজনে চালু হলে এর প্রভাব আরও বেশি হতো।
সরকারি হিসাবে দেখা গেছে, চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক থাইল্যান্ডে গেছেন, যা গত বছরের তুলনায় এখনো ৭ শতাংশ কম।
মতামত দিন