ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি আমেরিকা ‘প্রতিদিন’ মনিটর করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন,ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি আমেরিকা ‘প্রতিদিন’ মনিটর করছে। তিনি বলেন, একইভাবে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং বিশ্বের অন্যান্য উত্তেজনাপূর্ণ এলাকায়ও যুক্তরাষ্ট্র নিয়মিত নজর রাখে।
রুবিও জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পুনরায় উল্লেখ করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হতে পারে যখন উভয় পক্ষই শর্ত মেনে চলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে এখনো পুরোপুরি যুদ্ধবিরতি সম্ভব হয়নি। তবে তিনি জানিয়েছেন, লক্ষ্য হওয়া উচিত শুধু সাময়িক নয়, বরং স্থায়ী শান্তিচুক্তি স্থাপন করা।
রুবিও ফক্স বিজনেসকে বলেন, “আমরা সৌভাগ্যবান যে এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দেন। দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার মতো অঞ্চলে আমরা তা দেখেছি এবং ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে চেষ্টা করব।”
প্রসঙ্গত, গত মে মাসে চার দিনের তীব্র সংঘাতের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ট্রাম্প ঘোষণা করেছিলেন। এই সময় অন্তত ৬০ জন নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন। এটি তিন দশকের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাত হিসেবে চিহ্নিত হয়।

মতামত দিন