আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অবৈধ ছাঁটাইয়ে কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন ডলার জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসকে অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য প্রায় ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৫৯ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে আদালত। কভিড মহামারির সময় ১ হাজার ৮০০ জন বিমানবন্দর কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় সোমবার এ রায় আসে।

দীর্ঘ পাঁচ বছর ধরে চলা শ্রমিকদের আইনি লড়াইয়েরও এর মধ্য দিয়ে ইতি ঘটল।খবর এএফপি।

সিডনিভিত্তিক ফেডারেল কোর্টের বিচারপতি মাইকেল লি রায়ের পর্যবেক্ষণে বলেন, এ ধরনের শাস্তি ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানকে আইন ভঙ্গের ঝুঁকি নিতে নিরুৎসাহিত করবে।

২০২০ সালের আগস্টে যখন দেশজুড়ে লকডাউন চলছিল এবং ভ্যাকসিনও আসেনি, তখন কোয়ান্টাস কর্মী ছাঁটাই ও কাজ আউটসোর্সের পথ বেছে নেয়। পরে আদালত রায় দেয়, এ সিদ্ধান্ত ছিল বেআইনি এবং কোম্পানির করা আপিলও খারিজ হয়ে যায়।

বিতর্কিত ওই ঘটনার পর থেকে কোয়ান্টাস তাদের সুনাম ফেরাতে সচেষ্ট। ২০২৩ সালে নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন ভ্যানেসা হাডসন, যিনি গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সাবেক প্রধান অ্যালান জয়েসের স্থলাভিষিক্ত হন।

মতামত দিন