নেতানিয়াহু এখন নিজেই একটা সমস্যা: ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সমালোচনা করে বলেছেন, তিনি এখন এক ধরনের "সমস্যা" হয়ে দাঁড়িয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ নেবেন বলেও ঘোষণা করেছেন তিনি।
ডেনিশ দৈনিক জিল্যান্ডস-পোস্টেন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের সরকার ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং নেতানিয়াহু নিজেই বড় প্রতিবন্ধকতা তৈরি করছেন।
মধ্য-ডানপন্থী এই নেতা গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই।” তবে তিনি আক্ষেপ করে জানান, এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের সমর্থন ডেনমার্ক পায়নি।
ফ্রেডেরিকসেন আরও ইঙ্গিত দেন, প্রয়োজনে বাণিজ্য ও গবেষণাক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন তিনি। একইসাথে বসতি স্থাপনকারীদের, মন্ত্রীদের কিংবা গোটা ইসরায়েলের বিরুদ্ধেও রাজনৈতিক চাপ বাড়ানোর কথা ভাবছেন। তার ভাষায়, “আমরা কোনো কিছুই আগে থেকে বাতিল করছি না। যেমন রাশিয়ার বিরুদ্ধে আমরা লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা তৈরি করেছি, তেমনি ইসরায়েলের ক্ষেত্রেও আমরা এমন ব্যবস্থা নেব যেখানে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যাবে।” তবে এই উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের অনীহাকেই তিনি প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন।

মতামত দিন