আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর নতুন শুল্ক হুমকি।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় ফলাফলের ব্যর্থতা হলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

ভারত ইতিমধ্যেই রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সেকেন্ডারি শুল্ক’ের মুখে পড়েছে।

চলতি মাসের শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে, যা বিদ্যমান ২৫ শতাংশের সঙ্গে মিলিয়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই শুল্কভার ভারতের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে টেক্সটাইল ও গহনা খাতের ওপর প্রভাব ফেলবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধ শতাংশ কমিয়ে দিতে পারে।

এদিকে ট্রাম্প ও পুতিনের বৈঠক শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত হবে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান ও আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, মস্কো যদি শান্তিচুক্তিতে রাজি না হয়, তবে গুরুতর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি দেশীয় অর্থনীতি চাঙ্গা করা এবং বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা আনার পরিকল্পনার অংশ। দিল্লি যুক্তি দিয়েছে, দরিদ্র জনগণকে সস্তা জ্বালানি সরবরাহ করতে রুশ তেল কেনার কোনো বিকল্প নেই।

দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা আগামী ২৫ আগস্ট পুনরায় শুরু হবে। তবে কৃষি ও দুগ্ধপণ্যের ওপর শুল্ক কমাতে ভারতের অনীহা আলোচনায় বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

মতামত দিন