আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

"শুল্ক-তেল বিতর্ক পেরিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত"

নিজেস্ব প্রতিবেদক:

উচ্চ শুল্ক আরোপ ও জ্বালানি আমদানি ইস্যুতে টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে ভারত। নয়াদিল্লির মতে, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা জোরদার করাই এখন মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক বাণিজ্যিক ও কূটনৈতিক মতপার্থক্যের পরও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধি দল দিল্লি সফর করবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন এবং রাশিয়া থেকে তেল আমদানি করায় অতিরিক্ত শাস্তিমূলক শুল্কও আরোপ করেছেন। নয়াদিল্লি এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “আমরা চাই এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর দাঁড়িয়ে এগিয়ে যাক।” তিনি আরও জানান, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম কেনার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী চলছে এবং এ বিষয়ে কোনো পরিবর্তন আসেনি।

এর আগে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছিল, ভারত মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে— তবে সরকারি সূত্র এ দাবি প্রত্যাখ্যান করেছে।

মতামত দিন