আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতকে লক্ষ্য করে পাকিস্তান গঠন করল রকেট ফোর্স।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির সেনাবাহিনীতে নতুন ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ৭৮তম দিবসের প্রাক্কালে দেওয়া এই ঘোষণায় বলা হয়েছে, আধুনিক প্রযুক্তিসম্পন্ন  এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন এই কমান্ড প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও যুদ্ধক্ষমতা তদারকির দায়িত্বে থাকবে। বিশ্লেষকদের ধারণা, এটি ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার জন্য নেওয়া কৌশলগত পদক্ষেপ।

শেহবাজ শরিফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, রকেট ফোর্স কমান্ড পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নতুন বাহিনীর বিস্তারিত কার্যক্রম বা শক্তি নিয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কমান্ডটির নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে এবং এটি মূলত ভারতের প্রতিক্রিয়ার লক্ষ্য হিসেবে তৈরি।

পাকিস্তান ও ভারত দুই পরমাণু-সক্ষম দেশ হিসেবে দীর্ঘদিন ধরে সামরিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে।  চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। মে মাসে উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহৃত হয়। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকার স্বীকৃতি দিয়েছে, তবে নয়াদিল্লি তা অস্বীকার করেছে।

মতামত দিন