গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত।
ইসরায়েল গাজায় নির্বিচার হামলা চালিয়ে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করছে। একদিনে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
কাতারভিত্তিক আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনের বেলায় ভারী বোমাবর্ষণ হয়, যেখানে নিহত হয়েছেন অন্তত ৬১ জন। গত তিন দিনে ইসরায়েলি হামলায় ৩ শতাধিক ভবন ধ্বংস হয়েছে। শেখ রেদোয়ান এলাকায়ও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ আগস্ট) ত্রাণ বিতরণকারীদের ওপরও গুলি চালায় সেনারা, নিহত হয় ৩৭ জন।
এছাড়া, অনাহার ও অপুষ্টিতে গাজায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ শিশু। এভাবে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৩৫ জনে, এবং এর মধ্যে ১০৬ জন শিশু।
গত সপ্তাহে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দেয়, যা হামলার তীব্রতাকে আরও বৃদ্ধি করেছে।

মতামত দিন