ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরানের ১৫ শীর্ষ পরমাণু বিজ্ঞানী আত্মগোপনে।
ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের চেষ্টা চালায়, তাই তেহরান অন্তত ১৫ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে এবং তাদের নিরাপত্তা জোরদার করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আগে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন, তাদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্ক নেই।
গত জুনে ইরানে হামলায় অন্তত ৩০ পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর ইরানের নিরাপত্তা বাহিনী মোসাদের এজেন্ট সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে রুজবেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানীকে গুপ্তচরবৃত্তির দায়ে ফাঁসি দেওয়া হয়েছে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার আশঙ্কায় তালিকাভুক্ত ১০০ পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত ১৫ জন এখন নিরাপদ স্থানে পরিবারের সঙ্গে আত্মগোপনে রয়েছেন এবং নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে। যদিও ইসরায়েল বলছে, এই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবেই তাদের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকেন এবং তাদের স্থলাভিষিক্তরাও ঝুঁকিতে রয়েছেন।

মতামত দিন