যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল আমাজন-ওয়ালমার্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ করার ফলে দেশের রপ্তানি খাত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এতে আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপসহ যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতারা ভারত থেকে নতুন অর্ডার দিতে আপাতত বিরত রয়েছে।
মার্কিন ক্রেতারা ভারতীয় রপ্তানিকারকদের চিঠি ও ইমেইল পাঠিয়ে পোশাক ও টেক্সটাইল চালান স্থগিত রাখার অনুরোধ করেছেন। শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় পণ্যের দাম প্রায় ৩০-৩৫ শতাংশ বাড়বে, যার কারণে যুক্তরাষ্ট্রে পাঠানো অর্ডারের পরিমাণ কমে ৪০-৫০ শতাংশ পর্যন্ত নেমে আসতে পারে। এর ফলে প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভারতের প্রধান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মার্কিন বাজারে বিক্রির অংশ ৪০ থেকে ৭০ শতাংশ। যুক্তরাষ্ট্র দেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতের মোট রপ্তানির ২৮ শতাংশ শেয়ার ছিল যুক্তরাষ্ট্রের, যার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩৬.৬৬ বিলিয়ন ডলারে।
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারক হিসেবে ভারত ভয় পাচ্ছে যে, শুল্ক বৃদ্ধির কারণে মার্কিন বাজারে বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। কারণ তারা মাত্র ২০ শতাংশ শুল্ক বহন করছে। গত ৬ আগস্ট রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যা আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

মতামত দিন