আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইতালির রোমে একটি বারে বন্দুক হামলায় ৩জন বাংলাদেশি আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ইতালির রোমে একটি বারে বন্দুক হামলায় তিনজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা শুরুতে গুরুতর হলেও এখন তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ আগস্ট) রাত ২টার দিকে রোমের টর বেলা মোনাকা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই সময় আচমকা গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে তারা জরুরি নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দেন।

আহতদের মধ্যে রয়েছেন বারের মালিক ও তার দুই বাংলাদেশি সহকর্মী। ঘটনার পরপরই তাদের টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে একাধিক গুলিবিদ্ধ হলেও চিকিৎসায় তারা স্থিতিশীল রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। এটি সশস্ত্র ডাকাতি নাকি ব্যক্তিগত কোনো বিরোধের জেরে ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। ফরেনসিক দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছে।

টর বেলা মোনাকা অঞ্চলটি অপরাধপ্রবণ এলাকা হিসেবে আগে থেকেই পরিচিত। স্থানীয়দের মতে, এখানে মাঝে মাঝেই সহিংস ঘটনা ঘটে থাকে।

ইতালিতে বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মতামত দিন