আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, পাইলটসহ ৬ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়লে ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। সোমালিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করলেও এক ঘণ্টার মধ্যেই কাইম্বু এলাকায় এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কাইম্বুর কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, নিহতদের মধ্যে পাইলটসহ চারজন আরোহী এবং ভূপৃষ্ঠে থাকা দুইজন রয়েছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়া ঘরটির ভেতরেই দুই বাসিন্দা প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও কেনিয়া রেড ক্রসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আকাশেই আগুন ধরে গিয়েছিল বিমানটিতে। পরে সেটি একটি জনবসতিপূর্ণ এলাকার উপর ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, “বিমানটি আগুনে জ্বলছিল, তারপর হঠাৎ বিকট শব্দে পড়ে যায়।”

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে, এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন