যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত সব আরোহী নিহত।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি চিকিৎসা পরিবহন বিমান দুর্ঘটনায় পড়েছে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে উড্ডয়ন করেছিল। উদ্দেশ্য ছিল—নিকটবর্তী একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন এক রোগীকে আনিয়ে আবার ফিরে যাওয়া। তবে রোগীকে বিমানে তোলা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে স্থানীয় নাভাজো জাতিগোষ্ঠীর নিরাপত্তা বাহিনী। এ ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ)। এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিধ্বস্ত বিমানটি বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের এবং এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা। নিহতদের মধ্যে দুজন পাইলট এবং দুজন চিকিৎসা কর্মী ছিলেন। স্থানীয় সময় দুপুরে চিনলে বিমানবন্দরের কাছাকাছি এসে এটি বিধ্বস্ত হয়। পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “বিমানটি অবতরণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা ভুল হয়ে যায়।”
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রে আরেকটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মতামত দিন