আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উত্তরাখণ্ডে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে: গ্রাম বিলীন, নিখোঁজ ১৫০ জনের বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ঘটনায় একটি সম্পূর্ণ  গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও ১৫০ জনের বেশি।

নিখোঁজদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর নয়জন সদস্যও রয়েছেন।

ঘটনার কেন্দ্রস্থল হরসিল এলাকায় সোমবার গভীর রাতে ক্লাউডব্রাস্ট বা মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। এতে পাশের ধারাইল গ্রামে কয়েক মিনিটের মধ্যেই তীব্র জলস্রোত নেমে আসে।

স্থানীয় সূত্র জানিয়েছে, পাহাড়ি ঢলের সঙ্গে কাদা ও পাথরের প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যায় বসতঘর, হোটেল এবং সেনা চৌকি। ক্ষীর গঙ্গা নদীর উজানে ক্লাউডব্রাস্টের কারণে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এই ধ্বংসযজ্ঞ তৈরি হয়।

প্রাথমিক ধাক্কার পরপরই সেনাবাহিনী জরুরি ভিত্তিতে অন্তত ১৫০ জন সদস্যকে ঘটনাস্থলে পাঠায়। উদ্ধারকারী দলগুলো স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতি এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, যেহেতু এই অঞ্চলে প্রায়শই ক্লাউডব্রাস্টের মতো ঘটনা ঘটে, তাই আগাম সতর্কতা ও প্রস্তুতি আরও জোরদার করা হবে।

মতামত দিন