আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননের উত্তর-পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত ব্যক্তি হাসাম কাসেম ঘারাব নামের এক হিজবুল্লাহ কর্মী, যিনি সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলার নির্দেশনা দিচ্ছিলেন বলে দাবি করেছে আইডিএফ।

বুধবার (৬ আগস্ট) ভোররাতে বেকা উপত্যকার আকাশে চালানো এই হামলার বিষয়ে আইডিএফ বলেছে, ঘারাবের নেতৃত্বে পরিচালিত কার্যক্রম ইসরায়েলের গোলান হাইটস অঞ্চলে হুমকি সৃষ্টি করছিল। তাকে নিশানা করেই ড্রোন হামলা চালানো হয়।

২০২৪ সালের শেষ দিকে এক যুদ্ধবিরতির পরও লেবাননের ভেতরে একের পর এক অভিযান চালিয়ে  আসছে ইসরায়েল। এ পর্যন্ত এসব হামলায় ২৩০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে তেলআবিবের দাবি। তবে লেবানন বলছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলই বরাবর আগ্রাসী আচরণ করছে এবং তাদের ভূখণ্ডে বারবার অনুপ্রবেশ করছে।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে ফের আলোচনায় এসেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সম্ভাব্য গাজা দখল পরিকল্পনায় ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন না। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "গাজার মানুষজন খাবার পাচ্ছে কি না, সেটাই আমার সবচেয়ে বড় চিন্তা। বাকি বিষয়গুলো ইসরায়েলের বিষয়।"

তিনি আরও যোগ করেন, "আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। তারা (ইসরায়েল) কী করবে, সে সিদ্ধান্ত তারাই নেবে।"

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেলআবিব।

মতামত দিন