ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল ও দেশে ফেরত পাঠানো হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র।
ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে অবস্থানকাল ও ভিসার শর্ত যথাযথভাবে না মানলে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ভিসার নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আই-৯৪ ফর্মে উল্লেখিত মেয়াদ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতের ভ্রমণ, পড়াশোনা বা কর্মসংস্থানের সুযোগ স্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
পোস্টে আরও বলা হয়, “ভিসার শর্তাবলী লঙ্ঘন করলে শুধু ভিসা বাতিলই নয়, বরং পরবর্তীতে নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে। কেউ কেউ এমন পরিস্থিতিতে নিজ দেশেও ফেরত পাঠানো হতে পারেন।”
এই সতর্কতার পেছনে রাজনৈতিক আবহও স্পষ্ট। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভারত ও ভারতীয় অভিবাসন নিয়ে বিতর্ক বেড়েছে। সোমবার জর্জিয়ার কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন এক্সে দেওয়া এক পোস্টে এইচ-১বি ভিসা বন্ধের দাবি তোলেন। পাশাপাশি ওবামা-বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির সমালোচনা করে ইউক্রেন যুদ্ধ এবং ভারত-রাশিয়া বাণিজ্য সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দিনে ভারতের ওপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে স্বল্প দামে তেল কিনে তা বেশি দামে বাজারে বিক্রি করছে। তিনি বলেন, “রাশিয়ার যুদ্ধ মেশিনে অর্থ জোগাচ্ছে ভারত, অথচ ইউক্রেনের মানুষের মৃত্যু নিয়ে তারা উদাসীন।”
ট্রাম্প বলেন, ভারতের ওপর ‘উল্লেখযোগ্য হারে’ শুল্ক বাড়ানো হবে, যদিও সেই হার কী হতে পারে, তা নির্দিষ্ট করে জানাননি। এর আগেই তিনি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এই সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও সেখানে যেতে আগ্রহী ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত যারা পড়াশোনা বা এইচ-১বি ভিসার মাধ্যমে কর্মরত, তাদের জন্য ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মতামত দিন