গাজা দখলের পথে ইসরায়েল, নেতানিয়াহুর অভিযানে ট্রাম্পের সবুজ সংকেত।
গাজা উপত্যকা পুরোপুরি দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে ওয়াশিংটন থেকে এসেছে সরাসরি সমর্থন।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, নেতানিয়াহু এবার গাজা উপত্যকার প্রতিটি অংশ পুনর্দখলের নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, যেসব এলাকায় এখনো জিম্মিদের রাখা হয়েছে, সেগুলোও সামরিক অভিযানের আওতায় আনা হবে। এমনকি আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বর্তমান নেতৃত্ব যদি এতে দ্বিমত পোষণ করে, তাহলে তাদের সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
ইসরায়েলি চ্যানেল ১২ বলছে, এই সিদ্ধান্ত দেশটির গাজা সম্পর্কিত সামরিক কৌশলে একটি মৌলিক মোড় নির্দেশ করে। নতুন করে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
অন্যদিকে চ্যানেল ১৩ জানিয়েছে, যুদ্ধবিরতির সম্ভাবনা ভেঙে যাওয়া এবং সামরিক চাপ বাড়তে থাকায় আইডিএফের জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এতে করে পরিস্থিতির গুরুত্ব ও দ্রুত পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
জনপ্রিয় দৈনিক ‘হারেটজ’ জানিয়েছে, নেতানিয়াহু এরইমধ্যে গাজার কিছু অংশ পুনর্দখলের একটি মার্কিন-সমর্থিত পরিকল্পনা মন্ত্রিসভার কাছে উত্থাপন করেছেন। এই পদক্ষেপ যে শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনপুষ্ট, তা স্পষ্ট হয়ে উঠছে।
নিরাপত্তা বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজায় চলমান চুক্তির আলোচনার একটি সুযোগ ইসরায়েল হাতছাড়া করেছে। আংশিক জিম্মি মুক্তির সম্ভাবনা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর সরকার হঠাৎ করেই বড় ধরনের পদক্ষেপ নিয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে গাজায় সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর ওপর নতুন করে হামলা হলে তা ভয়াবহ মানবিক সংকট তৈরি করতে পারে।

মতামত দিন