আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজার মানবিক সহায়তায় ২০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকার সংকট মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকার বেশি।

এ অর্থ দিয়ে গাজায়  খাদ্য ও চিকিৎসাসামগ্রী সরবরাহে নিয়োজিত সংস্থাগুলো সহায়তা পাবে।

রোববার (৪ আগস্ট) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর (DFAT) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। সেখানে বলা হয়, গাজায় একটি নতুন মানবিক করিডর খোলার প্রেক্ষাপটে এই অর্থ সহায়তা ঘোষণা করা হলো।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। সেখানকার সাধারণ মানুষ ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ অনুযায়ী, গাজায় সহায়তা পাঠাতে ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে পূর্ণ অনুমতি দিতে হবে—এ দাবির সঙ্গে অস্ট্রেলিয়া দৃঢ়ভাবে একাত্ম।”

এই ঘোষণার একদিন আগে সিডনি হারবার ব্রিজ অতিক্রম করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা করেন। ইসরায়েলের অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে গাজায় খাদ্য ও ওষুধের  প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায়, সেই কর্মসূচি থেকে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়।

অস্ট্রেলিয়ার এই নতুন সহায়তা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দ্রুত বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন