আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে মর্টার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু, আহত অন্তত ১৩।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু। আহত হয়েছে আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে একাধিক শিশু ও একজন নারী রয়েছেন।

শনিবার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন উর্দু’ এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণটি ঘটেছে পুরনো একটি মর্টার শেল বিস্ফোরণের ফলে। স্থানীয়রা  ধারণা করছেন, শিশুরা হয়তো শেলটি খেলনার মতো করে নাড়াচাড়া করছিল।

আহতদের তাৎক্ষণিকভাবে লাক্কি মারওয়াত সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন, যাতে বিস্ফোরণের প্রকৃত উৎস ও প্রক্রিয়া নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, আফগান সীমান্তঘেঁষা এই অঞ্চলে পুরনো যুদ্ধাস্ত্র বা অব্যবহৃত গোলাবারুদ মাঝেমধ্যেই এভাবে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

মতামত দিন