ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতির ইঙ্গিত ফিনল্যান্ডের।
ন্যাটো সদস্য ফিনল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বৃহস্পতিবার বলেছেন, তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত,এখন শুধু প্রয়োজন সরকারের আনুষ্ঠানিক প্রস্তাব।
ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী, বিদেশি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রেসিডেন্টের হলেও তা সরকার কর্তৃক প্রস্তাবিত হতে হয়। স্টাব বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকেই বিষয়টি নিয়ে সরকার ও নীতিনির্ধারক মহলে আলোচনা চলছে এবং এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার।
ফিনিশ সংবাদ সংস্থা এসটিটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, প্রস্তাব এলে তাৎক্ষণিকভাবে তিনি অনুমোদন দিতে রাজি আছেন— শর্তসহ হোক কিংবা শর্তহীন।
তবে এই বিষয়ে অভ্যন্তরীণ মতবিরোধ রয়েছে। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও দ্য ফিনস পার্টি ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতির বিরোধিতা করেছে। ফলে সরকার আদৌ আনুষ্ঠানিক প্রস্তাব দেবে কি না, তা এখনো অনিশ্চিত।
মতামত দিন